সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বুধবার (২৮ মে) কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম কোতোয়ালি থানায় এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪-শাখা সব ধরনের অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমাদানের নির্দেশ দেয়া হয়। কিন্তু শাহীন চাকলাদার তার লাইসেন্সকৃত পিস্তল (নম্বর ৬৯৪৪৬) জমা দেননি। পরে এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্ত করে জানতে পারেন শাহীন চাকলাদার ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর দিন পিস্তলসহ আত্মগোপন করেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।



