ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনার জেরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগে রাজা ফকির (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী সমির চন্দ্র চক্রবর্তী (৫৫), তার বড় ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তী (১৮)। আটক রাজা ওই এলাকার ফারুক ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সমির দীর্ঘদিন উপজেলার কচুয়া বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করছেন। দুপুরে ওই দোকানে চা-সিগারেট খেতে আসেন রাজা। চা খাওয়ার পর সিগারেট চাইলে দোকানী সমির সিগারেট নেই বলে জানান। পরে রাজা জন্য দোকান থেকে সিগারেট আনতে বললে সমির অস্বীকৃতি জানান। এতে দুইজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায় রাজা সমিরকে মারধর করেন।
সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি ছেলেদের জানায়। পরে সমির ও তার দুই ছেলে লিখন ও শুভ রাজার কাছে মারধরের বিষয়টি জানতে চাইলে রাজা ক্ষিপ্ত হয়ে তাদের চাকু দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সমিরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় রাজা ফকির নামের একজনকে আটক করা হয়েছে।



