নীলফামারীতে বিদেশী জাল নোটসহ যুবক আটক

এ সময় তার কাছ থেকে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ ও জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Kishoreganj
বিদেশী জাল নোটসহ আটক মমিজুল ইসলাম
বিদেশী জাল নোটসহ আটক মমিজুল ইসলাম |নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল নোটসহ মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ ও জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মতলুবর রহমান।

আটক মমিজুল কিশোরগঞ্জের নিতাই কুঠিয়ালপাড়ার নূর হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতে নিতাই ইউনিয়নের মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মমিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাল বিদেশী কারেন্সী মালেশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০টি, ৫০০ রিয়াল নোট ১৯০টি, থাইল্যান্ডের ১০০০ বাথ নোট ১৯০টি, ৫০০ বাথ নোট ২৯০টি ও ছয়টি জাল পাসপোর্ট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মতলুবর রহমান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে আমরা জাল নোট ছাপানোর গোপন সংবাদ পাই। সেখানে অভিযান চালিয়ে আমরা বিভিন্ন দেশের বিদেশী জাল নোট উদ্ধার করি। আসামি ও তার সহযোগীরা এসব জাল নোট ভিসা প্রতারণায় ব্যবহার করতো।’

তিনি আরো বলেন, ‘আসামি মমিজুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’