ফরিদপুরে সম্পত্তির বিরোধে ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Faridpur

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজী সিরাজুল ইসলাম (৬২) ওই গ্রামের বাসিন্দা। আহত মো. কাজী মাসুদ রানা (৩৬) সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী সিরাজুল ইসলাম ও কাজী মাসুদ রানার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।