নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল ও কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হন। হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার কয়েক ঘণ্টা পরে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ঘুরতে যায়। বৃষ্টির কারণে তারা বাড়ি ফিরতে পরছিল না। রাত দেড়টার দিকে তারা ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইয়ের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হঠাৎ আক্রমণ চালায়। এ সময় কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার শর্টগান ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ধস্তাধস্তির এক পযায়ে আহত হন এএসআই সোহেল। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।



