স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদী আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মিতু বেগম (২১) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মাদরাসা মাঠে নিহত ইয়াছিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কমলপুর কবরস্থানে দাফন করা হয়।
নিহত ইয়াছিন আহমেদ শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক বিল্ডিং মালিক মরহুম বাক্কী মিয়ার ছেলে।
এর আগে, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষের নিহত হন তিনি।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক্সিডেন্ট হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের পেছন দিকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দ্রুতগতির হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই ওমর আহমেদ জানান, ১৭ মাস আগে সৌদী আরবে গিয়েছিলেন ইয়াছিন। ২৪ জুলাই তিনি দেশে আসেন। প্রায় সাড়ে ৫ বছর আগে তুলি বেগমকে বিয়ে করে ইয়াছিন। তাদের পরিবারে আলিফ নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শিশু সন্তানকে বাড়িতে রেখে ১২ আগস্ট বিকেল ৪টায় মোটরসাইকেলে করে স্ত্রী তুলি বেগমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিস্তা নদী-সংলগ্ন ‘মিনি কক্সবাজারে’ ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় বিশ্বরোড মালিহাতা এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনাটি হয়। তাদের ফিরতে দেরি হওয়ায় বাড়ি থেকে ইয়াছিনের মোবাইলে কল দিলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা কল রিসিভ করে জানান যে ইয়াছিন এক্সিডেন্ট করেছেন। স্থানীয়রা ইয়াছিন ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে ইয়াছিনের মৃত্যু হয়।
ওমর আরো বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ইয়াছিনের লাশ বাড়িতে নিয়ে আসি। তার স্ত্রী তুলি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


