বাগেরহাটের মোরেলগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিদ শাহরিয়ার।
নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মরহুম রোকা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিদ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফুলবরুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।



