মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে গেছে এমবি ফার্নিচার কারখানা।
শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
কারখানার মালিক আল আমিন বলেন, ‘ভোর ৪টার দিকে বাসার গৃহকর্ত্রী আগুন দেখে চিৎকার শুরু করলে পিছনের দরজা ভেঙে চার ছেলে মেয়ে ও গৃহকর্ত্রীসহ কোনো রকম প্রাণে বেঁচে যাই। কিন্তু আগুনে শো-রুমে রাখা ফার্নিচার, কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র, কাঠ, বসত ঘরের ফ্রিজ, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্য মালামাল আগুনে ভস্মিভূত হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি।’
আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে মাধবপুর সার্ভিসের দু‘টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
মাধবপুর ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনতোষ মল্লিক জানান, হবিগঞ্জ জেলার ফায়ার স্টেশনের ডিএডি আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে সহায়তা করেন।



