সিলেটে রথযাত্রায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতি, এসএমপির সমন্বয় সভা সম্পন্ন

আসন্ন শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে রথযাত্রায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতি, এসএমপির সমন্বয় সভা সম্পন্ন
সিলেটে রথযাত্রায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতি, এসএমপির সমন্বয় সভা সম্পন্ন |নয়া দিগন্ত

আসন্ন শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় এসএমপি সদর দফতরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য শ্রী শ্রী রথযাত্রা এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা অতীতের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও করণীয় তুলে ধরেন।

সভায় জানানো হয়, উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে। পাশাপাশি ট্রাফিক পুলিশ বিশেষ পরিকল্পনার মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

এছাড়া ইভ টিজিং, পকেটমার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সমন্বয় সভায় গোয়েন্দা সংস্থা, র‌্যাব-৯, সিভিল সার্জন কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আনসার ও ভিডিপি এবং এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দির কমিটি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।