চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ মালিকানাধীন পুকুরের ঘাট নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের সময় চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামের ঢালী বাড়ির খালেক ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হত্যার শিকার ওমর ফারুক ছোট লক্ষ্মীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সাথে একই বাড়ির কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের যৌথ মালিকানাধীন পুকুরের ঘাট নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা হয়।
বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে ও বিরোধ মীমাংসায় এগিয়ে আসেন। এ সময় বিবাদীপক্ষের লোকজন ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় মরিচের গুঁড়ার তীব্রতায় তারা দিশেহারা হয়ে পড়লে, প্রতিপক্ষের মধ্য থেকে একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাইমচর থানা পুলিশ হাসপাতাল থেকে ফারুকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’



