কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) ও তার ছেলে জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার বেবী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোদ ওঠার পর ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে যান খালেদা আক্তার বেবী। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে যান শাশুড়ি মেহেরা খাতুন। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দু’জনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মেহেরা খাতুনের ফুফাতো ভাই মো: খাইরুল ইসলাম জানান, সকালে ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে গিয়ে প্রথমে বেবী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শাশুড়ি মেহেরা খাতুনও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে উখড়াশাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।



