ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সারোয়ার হাসান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদেরকে সম্মাননা দেয়া হয়।
এর আগে, উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।



