আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে গ্রামে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। একইসাথে হাজারো মানুষ বাড়ির পথে যাত্রা করায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এদিকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।
এদিকে পুলিশ প্রশাসন মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। এতে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে এখন যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।’



