কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে শিশুকন্যাসহ এক মা নিহত হয়েছেন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Ramu
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত |নয়া দিগন্ত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে শিশুকন্যাসহ এক মা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দ কলোনীর মো: একরাম মিয়ার ছেমন আরা (২৫) ও তার তিন বছর বয়সী মেয়ে আসমা বিবি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে আজ দুপুরে জানান, ভোরের দিকে হঠাৎ করে বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। হাতির দল সৈয়দ কলোনীর কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলতে শুরু করে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এসময় শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী ছেমন আরা। এ সময় দুটি হাতি তাদের দিকে তেড়ে এলে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত বাড়ির পেছনে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও ছেমন আরা ও তার ছোট কন্যা আসমা বিবি হাতির আক্রমণের মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে রামু থানার পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছে। পরে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো: তোসাদ্দেক হোসেন জানিয়েছেন, ঘটনাটির পর হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে প্রবেশ করানো হয়েছে। একই সাথে বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বানী চৌধুরী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।