বগুড়া জেলার হজযাত্রীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডা: মো: খুরশীদ আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় শতাধিক হজযাত্রীর টিকা কার্যক্রমের দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় মো: খুরশীদ আলম বলেন, ‘সুস্থতা স্রষ্টার দেয়া নেয়ামত। একে সংরক্ষণ করতে হবে। কারো দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে চিকিৎসা নিতে হবে। টিকা নেয়া চিকিৎসা ও স্রষ্টার ওপর ভরসা করার অংশ। প্রত্যেক হজযাত্রীকে তার পূরণকৃত নির্দিষ্ট জেলা থেকেই টিকা গ্রহণ করতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে।’
এছাড়া তিনি হজযাত্রীদের জন্য সুস্থতা ও নিরাপদ যাত্রা কামনা করে তাদের কাছে দোয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও হজবিষয়ক ফোকাল পারসন ডা: সাজ্জাদুল হকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: মো: আজিজুল হাকিম বাপ্পা।
উল্লেখ্য, বগুড়ার সিভিল সার্জনের কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতালে টিকা কার্যক্রম চলমান থাকবে।



