নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা ইসলাম উপজেলার চাঁনপুর গ্রামের সাইফুল ইসলাম সুমনের মেয়ে এবং বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আদিবা চার-পাঁচজন কিশোরীকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে নৌকায় করে পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গেলে তাদের নৌকা উল্টে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠে আসলেও পানিতে ডুবে যায় আদিবা। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে।



