চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর সিএনজি চালক মো: সজ্জাদ (২২) হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ‘মূল হত্যাকারী’ লিয়াকত আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরো দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের তদন্তে জানা গেছে, হত্যার রাতে সজ্জাদের হাত-পা বাঁধার জন্য গামছা কেনেন লিয়াকত আলী। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।
আনোয়ারা থানার ওসি মো: জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নিখোঁজের চারদিন পর বরুমছড়া এলাকায় একটি পুকুর থেকে সজ্জাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।



