কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
“আপনারা আমাকে যে আশা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই আশা পূরণে কাজ করব।” — এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। বিজয়ের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোটালীপাড়ার নির্বাচনী ক্যাম্পে আয়োজিত এক কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি কেবল বড় মিছিলে হাত নেড়ে ভোট চাইনি; প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষ আমাকে তাদের আপন ভাই ও ঘরের মানুষ হিসেবে গ্রহণ করেছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের এই নির্বাচনী আসনে এবারের নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইতিবাচক রাজনীতি করে মানুষের কাছে যান। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, আমরা তা সাদরে মেনে নেব।” তিনি আরো বলেন, নানা প্রতিবন্ধকতা ও রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষ তাকে যে সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “এ এলাকায় আগে উন্নয়ন হয়েছে, আমি সেই ধারা অব্যাহত রাখতে চাই। তবে পরিকল্পিত ও কর্মমুখী টেকসই উন্নয়ন হয়নি। কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলব।”
সংবর্ধনা অনুষ্ঠানে কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হয়ে ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগদি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এস এম জিলানীর সঙ্গে করমর্দন করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



