ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ভাঙ্গাগামী তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খদে পড়ে যায়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
খাদে পড়ে যাওয়া বাস
খাদে পড়ে যাওয়া বাস |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) ও শেখ আলমগীর (৪৫) নামে দু’জন নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে এবং আলমগীর ওই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে। তারা দু’জনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি বাস মাদারীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আলমগীরের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হেলাল উদ্দিন বাস ও তরমুজবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।