পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
তিনি জানান, শুক্রবার বিকেলে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা হয়। এর আগে গত ১ জানুয়ারি থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে এ ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বর্তমানে প্রথম ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির উভয় ইউনিট থেকেই পূর্ণ ক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ফিরেছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সচল রাখায় ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে জানান কর্তৃপক্ষ।



