পটুয়াখালীর কলাপাড়ায় ধানের ন্যায্য মূল্য ও বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি এম মাহবুবের সভাপতিত্বে স্থানীয় কৃষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী, সদস্য আলতাফ গাজী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় এক কেজি ধান উৎপাদনে ৩০ থেকে ৩২ টাকা ব্যয় করলেও দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
তারা আরো বলেন, তেল সঙ্কটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত টাকা আদায় করছেন। এক কানি জমির ধান কাটতে এখন কৃষকদের ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ছয় হাজার টাকা বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে কৃষকরা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন।
কৃষক নেতারা আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করতে হবে এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করারও দাবি জানান তারা।
এ ছাড়া খাল ও স্লুইসগেটের ইজারাব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা ও সেচব্যবস্থার সুষ্ঠ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাখিমারা সমাবেশস্থলে এসে শেষ হয়।



