অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা যেভাবে চালিয়েছিলাম, বর্তমান নির্বাচিত সরকার আরো ভালোভাবে কাজ করছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই সরকার আরো ভালো করবে।’
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় সাবরিনা মঞ্জুর পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান নতুন সরকারের জন্য একটি ভিত্তি গড়ে দিয়েছে মন্তব্য করে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘একটা ভাঙাচোরা অর্থনীতি ছিল। যখন একটা ঝড় হয়ে যায়, তখন ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ে। ঘর উঠানোর কাজে ও দুপুরের আহারের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। আমরা সেই ঘরকে দাঁড় করিয়ে দিতে পেরেছিলাম। তাই এই সরকারকে অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকারই ছিল না। ওই সময় যারা ফ্যাসিস্ট ছিল, তারা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত নিয়মতান্ত্রিক সরকার অনির্বাচিত সরকারের চেয়ে অনেক অনেক শক্তিশালী হয়। তাই এখনকার সরকার দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘দুর্নীতি আর মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হবে। একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তাই বিশেষ করে যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খান, শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক সুরুজ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



