রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে তার ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় অবস্থিত বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রুহিয়ার বাসভবনে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসীর ভিড় জমে।
এ সময় পরলোকগতের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
দুপুরে রমেশ চন্দ্র সেনের বাসভবনে উপস্থিত হন ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন। রুহিয়া থানা বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও উপস্থিত ছিলেন।
এ সময় দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাজনীতিতে আদর্শিক মতভেদ থাকলেও রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ের একজন প্রবীণ অভিভাবক ছিলেন। তার প্রয়াণে পুরো অঞ্চল একজন অভিজ্ঞ রাজনীতিককে হারাল। শোকের এই সময়ে তারা মরহুমের পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন এবং রুহিয়ায় আজকে তার পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভাটি স্থগিত করেছেন।
রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ের একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিক ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ঠাকুরগাঁও একজন পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারাল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
স্থানীয়রা বলছেন, ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাদের এমন উপস্থিতি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক সংস্কৃতিতে মানবিকতা ও সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঠাকুরগাঁও–১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



