সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) এসএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত এলাকায় বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি চারজন, পাঁচ পিস ইয়াবাসহ একজন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৮ জন, নিয়মিত মামলায় ১৬ জনসহ মোট ৪৯ জনকে গ্রেফতার এবং ৪৬১ কেজি ভারতীয় জিরা, ১৫০ পিস ভারতীয় সাবান, ১৭৩ বোতল অলিভ অয়েল তেল ও ৫২০ পিস কিটকাট চকলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয়। পরে গ্রেফতার ৪৯ জনকে সিলেট কারাগারে পাঠানো হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম নয়া দিগন্তকে বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



