ঈদ উপলক্ষে বোনের বাড়িতে সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক মো: রয়েল (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম বিরল উপজেলার ঠাঠারিপাড়া (দক্ষিণ জগতপুর) বজতপুর এলাকার বাসিন্দা মরহুম রজব আলী ছেলে।
জানা যায়, নুর ইসলাম তার বন্ধু মো: রয়েলকে সাথে নিয়ে সকালে মোটরসাইকেলযোগে বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলাম মারা যান এবং রয়েল ইসলাম গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। সেইসাথে আহত রয়েলকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



