ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ২

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী—মীর হামিদুর ও মো: মুয়াজের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের ছাত্রাবাসে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী—মীর হামিদুর ও মো: মুয়াজের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের জেরে গভীর রাত পর্যন্ত ছাত্রাবাস এলাকায় উত্তেজনা বিরাজ করে। রাত দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহত হামিদুর ও মুয়াজকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ জানান, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় নাফিউল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।