সোনারগাঁওয়ে চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, আহত ৩

দাবিকৃত চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁও থানা, নারায়াণগঞ্জ
সোনারগাঁও থানা, নারায়াণগঞ্জ |নয়া দিগন্ত

দাবিকৃত চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বাদি হয়ে বুধবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম দীর্ঘদিন ধরে এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এ ব্যবসায় পার্টনার দাবি করেন বৈদ্যের বাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০/১২ জনের একটি গ্রুপ।

তিনি এ দাবি রাজি না হওয়ার তার কাছ থেকে ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ চাঁদা দাবি করে। দাবিকৃত এ চাঁদা দিতে রাজি না হওয়ার বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যা হুমকি দেয় তারা। এর জেরে তারা গত দু’দিন ধরে আবারো দাবিকৃত চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদা না দেয়ায় গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপির নেতা আবুল হাসেমের বাড়িতে রতন, খোকন, রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাংচুর করে আলমারী ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বিএনপি নেতা আবুল হাসেম বাড়িতে ছিলেন না। হামলার সময় হামলাকারীদের বাধা দিতে এলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত রতন ও খোকন ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত নই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মো: মুহিববুল্লাহ জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।