নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নিখোঁজের দু’দিন পর তাসমিয়া নামের এক শিশুর লাশ ভেসে উঠেছে।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে লাশটি ভেসে ওঠে।
নিহত তাসমিয়া যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মো: জিন্নাহ শেখের মেয়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের ছুটিতে জিন্নাহ শেখ পরিবার-পরিজন নিয়ে লোহাগড়া উপজেলার কুন্দশী এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। ওই দিনই তাসমিয়া পরিবারের সদস্যদের সাথে মধুমতী নদীর পাংখারচর এলাকায় ঘুরতে যায়, যা স্থানীয়ভাবে মিনি কক্সবাজার নামে পরিচিত। ট্রলারে নদী ভ্রমণ ও চরের ছবি তোলার সময় হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে নিখোঁজ হয় তাসমিয়া। এরপর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালিয়ে তাসমিয়াকে খুঁজে পেতে ব্যর্থ হয়।
নিখোঁজের দু’দিন পর বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকায় মধুমতী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



