রৌমারীতে দ্বিতীয় দিনেও সারের জন্য উপচে পড়া ভিড়

কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী ডিলারদের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে।

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Kurigram
সারের জন্য কৃষকদের ভিড়
সারের জন্য কৃষকদের ভিড় |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে আমন ধানের জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হওয়ায় দ্বিতীয় দিনেও সরকারি সার সংগ্রহের জন্য কৃষকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রশাসন, পুলিশ ও বিজিবির সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার সরবরাহ ও বিক্রয়কেন্দ্রে কৃষকদের ভিড় বাড়তে থাকে।

কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে রৌমারী উপজেলা কৃষি অধিদফতরের তত্ত্বাবধানে ইউনিয়নভিত্তিক সার সরবরাহ কেন্দ্রগুলোতে সার বিতরণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কৃষি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের সার প্রাপ্তি ও বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন।

কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানায় , বর্তমানে আমন ধানের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় একযোগে কৃষকদের সারের চাহিদা বেড়েছে। এ কারণে সার বিক্রয়কেন্দ্রগুলোতে একসাথে বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হওয়ায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে।

এদিকে কৃষকদের চাহিদা অনুযায়ী রৌমারীতে পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ ও মজুদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সার বিতরণে অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবির সদস্যরা বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

সার সংগ্রহ করতে আসা কৃষক সোহেল আহাম্মেদ, মজনু মিয়া ও মনির জামালসহ কয়েকজন জানান, তারা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন। তবে একসাথে অনেক কৃষকের সার প্রয়োজন হওয়ায় বিক্রয়কেন্দ্রে প্রচণ্ড ভিড় হচ্ছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া বলেন, ‘রৌমারীতে কোনো ধরনের সার সঙ্কট নেই। কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী ডিলারদের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে।’

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাউসার আলী বলেন, ‘সারের চাহিদা বেশি থাকায় একসাথে বিপুলসংখ্যক মানুষ বিক্রয়কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। এতে উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সার বিক্রয়কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।’

সার্বিক বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল হাসান বলেন, ‘বর্তমানে পুরোদমে আমন ধানের মৌসুম চলছে। এ সময়ে সারাদেশেই ধানসহ বিভিন্ন ফসলের জন্য সারের চাহিদা বৃদ্ধি পায়।’

তিনি বলেন, ‘দেশে কোনো সার সঙ্কট নেই; কৃষকদের চাহিদা পূরণে সরকার আগেই পর্যাপ্ত সার মজুদের ব্যবস্থা করেছে।’

তিনি আরো বলেন, ‘একসাথে বিপুলসংখ্যক কৃষক সার সংগ্রহ করতে আসায় বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড়ের সৃষ্টি হচ্ছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সার সংগ্রহ করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।’

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, চাহিদার সময় যেন সার সরবরাহ অব্যাহত থাকে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা না করে সহজ ও সুশৃঙ্খলভাবে তারা প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন।