পটুয়াখালীর দশমিনায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সহায়তার চেক ও রাত ৮টায় উপজেলা পরিষদের পুরনো ভবনের অডিটোরিয়াম হলরুমে শুকনো খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৩ জন উপকারভোগীর মাঝে ৫৬০০ টাকার চেক ও শুকনো খাবার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহামুদ হাসান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা: মরিয়া নুর, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: জামান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লা এনিম, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা, সদস্য সচিব শাহ আল শানু, গণঅধিকার পরিষদের সদ্য সভাপতি আলতাব হোসেন আকন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। তারা মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।’
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



