কর্ণেল অলী আহমেদ

জামায়াত ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বাধ্যতামূলক করা হবে না

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Location :

Chattogram
বক্তব্য রাখছেন কর্ণেল অলী
বক্তব্য রাখছেন কর্ণেল অলী |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার ওপর কোরআন-সুন্নাহ বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব:) অলী আহমেদ বীরবিক্রম।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্ণেল অলী বলেন, ‘অনেকেই মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের বোরকা পরিয়ে দেবে, সবার ওপর কোরআন-সুন্নাহ বাধ্যতামূলক করে দেবে। কারো ওপর জোরজবরদস্তি করে পোশাক পরানো হবে না এবং সবার ওপর কোরআন-সুন্নাহ বাধ্যতামূলক করা হবে না। সব ধর্মের লোকেরা সংবিধান অনুযায়ী নিজ নিজ ধর্ম পালন করবে। মায়ের জাতিকে সর্বোচ্চ সম্মান দেয় হবে। আমরা ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী নারী-পুরুষের চাকরির ব্যবস্থা করা হবে। ধনী-গরীব সবাই সমান স্বাস্থ্যসেবা ভোগ করবে। আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবো। কারো প্রতি জুলুম আমাদের দিয়ে হবে না।’

চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান ও ব্যাংক লুটেরারা রাজত্ব করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এদের কবল থেকে দেশকে বাঁচাতে বাঁশখালীতে ১১ দলের প্রার্থী জহিরুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে হবে।’

জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাছেরের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব আল্লামা মূসা বিন ইজহার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নজরুল ইসলাম প্রমুখ।

জনসভায় ১১ দলীয় জোটের জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য বিশেষ দোয়া করেন পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক।