ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
যৌথবাহিনীর সমন্বিত মহড়া
যৌথবাহিনীর সমন্বিত মহড়া |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার আগে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র সাংবাদিকদের জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সূত্র আরো জানায়, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেনাবাহিনী জানায়, জেলার ছয়টি সংসদীয় আসনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবের সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় সক্ষমতা প্রদর্শন করা হয়।