বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’
এ সময় তিনি ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, ‘ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে শিক্ষকরাও আহত হন।’
এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি।
যশোর জেলা (পূর্ব) শাখা ছাত্রশিবির এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম।
শিবির সভাপতি উল্লেখ করেন, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ ইসলামী আদর্শ অনুসরণ করা। ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
এসময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল ইসলাম, শিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব সেক্রেটারি আবু জাফর।



