ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলড্রেস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডু সামথিং ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এসব পোশাক বিতরণ করে।
বিতরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজ খান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হাই পান্না, সহকারী প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দেবনাথ, দাতা সদস্য মহিউদ্দিন, সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক পলাশ দেবনাথসহ জনপ্রতিনিধিরা।
নতুন স্কুলড্রেস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। দশম শ্রেণির শিক্ষার্থী ফাতিমাতুজ জোহরা বলেন, নতুন পোশাক (স্কুলড্রেস) পেয়ে আমার খুব ভালো লাগছে। প্রতিদিন নতুন ড্রেসে বিদ্যালয়ে আসতে পারব।
সংস্থার প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের কাজ করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজ খান এমন মহতি উদ্যোগের জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এর আগে এই সংস্থা থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষক নজরুল ইসলামের পরিবারকেও নগদ ৭০ হাজার টাকা দেয়া হয়েছিল।



