‘পানি সকল প্রাণের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে কৃষাণিদের মানববন্ধন সহ ব্যতিক্রমী নানা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী ঘিওর ও সদর উপজেলার সীমান্তবর্তী জয়নগর এগ্রোইকোলজি শিখন কেন্দ্রে‘ বিশ্ব পানি দিবস উপলক্ষে পানির অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক জনমত সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’, সবুজ সংহতি ও স্থানীয় কৃষক সংগঠনগুলোর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠান শেষে শুকনো জলাশয়ের পাড়ে নারীদের এক প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রাকৃতিক জলাশয়, নদী, খাল, বিল ও পুকুর দখলমুক্ত করে সংস্কারের মাধ্যমে ব্যবহারের উপযোগী করার এবং কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও নদী-খাল ভরাট হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে ঐতিহ্যবাহী গভীর পানির ‘বুনা আমন’ ধান চাষ হুমকির মুখে পড়ছে। নতুন প্রজন্মের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি ও উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
জয়নগর কৃষক-কৃষানি সংগঠনের সভাপতি দিপালী রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, কর্মকর্তা সুবীর কুমার সরকার, ইউপি সদস্য জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য রুবি আক্তার এবং গবেষক কৃষক মো: মাসুদ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার কৃষক, জেলে ও শিক্ষার্থীসহ কয়েক শত মানুষ অংশ নেন।



