আবুল হাসান, ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী)
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন মো: আফছার (৩২) নামে আরো একজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাত বাঁশপদুয়া গ্রামের মো: ইউসুফের ছেলে এবং আহত আফসার একই গ্রামের এয়ার আহম্মেদের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত বাঁশপুদয়া সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মিল্লাত হোসেনের মৃত্যু হয়।
আহত আফসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।



