কয়রায় আম খেয়ে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি চার জন

অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Location :

Khulna

কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য মহারাজপুর ইউনিয়নের হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। তাদের বারবার পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

তবে লতিকা সানার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকেলে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।

তিনি আরো বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শেও আসতে পারে। যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।

ঘটনার পরে স্থানীয়রা বাজারের মৌসুমে ফল ও আমের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন।