নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকার সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি লাহাপাড়া গ্রামের প্রধান সড়ক থেকে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ রোড হয়ে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া, সমাজসেবক হাজী আব্দুল কাইয়্যুম, ড. আব্দুর রহমান, সাদেকুর রহমান, লাহাপাড়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক ভিপি পারভেজ, অ্যাডভোকেট সফর উদ্দীন সবুর, মো: ইউসুফ, মো: মোশাররফ মোল্লা, মো: আল-আমিন, মো: সোহেল, লাহাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইব্রাহীম নোমান, মো: আব্দুল হাই প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের কারণে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও গ্রামে চুরি, ছিনতাই ব্যাপকভাবে বেড়েছে।
বক্তারা আরো বলেন, একটি সুন্দর সমাজ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে; তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।



