সিলেট মহানগরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারী রয়েছেন। এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামি ২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও বিপুল পরিমাণ ফুয়েল পেপার উদ্ধার করা হয়। এছাড়া এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন ব্যক্তি ও ৮ জন হকার রয়েছে। এসময় ৬৪৭ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার মূল্যমানের ভারতীয় অবৈধ কসমেটিক্স উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



