চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগরে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, বজ্রপাতের আঘাত অত্যন্ত তীব্র হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম জানান, রাসেল তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



