বাগেরহাটের ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিবুর হক তামিম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম খুলনার খালিশপুর থানার মরহুম এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতার তামিম বুধবার ভোর রাতে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ সেখান থেকে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।’



