কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় বালু উত্তোলন, মজুত ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তোলন ও মজুতের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু পরিবহনের দায়ে অন্য একজনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (৩ আগস্ট) উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকার মনু নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ৭০ হাজার ঘনফুট বালু উত্তোলনের ঘটনায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শরীফপুর ইউনিয়নের মেম্বার লাল মিয়া ও তার ছেলেকে বালু উত্তোলন ও নিজ বাড়িতে মজুতের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে বালু পরিবহনের দায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ করা বালু স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে।
এছাড়াও শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের দায়ে বাবা-ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু পরিবহনের দায়ে অন্য এক ব্যক্তিকে জেলে দেয়া হয়েছে।



