সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক বালু ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠান হয়।
গ্রেফতাররা হলেন ধানগড়া এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও একই এলাকার মো: রাকিব (২৪)।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ধানগড়া গ্রামের মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর উপজেলার একটি বালু মহালে ব্যবসা করেন।
অভিযোগ রয়েছে, স্বপন দীর্ঘদিন মাহবুবুলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়।
শনিবার সকালে মাহবুবুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়।
পরে তাকে অপহরণ করে উপজেলার বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। এ সময় তার পরিবারের সদস্যদের কাছে ফোন করে আরো দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানালে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসানুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরো জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।



