অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সব মানুষের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আমির খসরু বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিএনপির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তিনি ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, বর্তমান দুর্যোগেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, মো. এরশাদ উল্লাহ ও এনামুল হক এনাম, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে, ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সময় মঞ্চে অতিরিক্ত নেতাকর্মীর উপস্থিতির কারণে একপর্যায়ে মঞ্চের এক পাশ ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।



