সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এবং
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্টের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি স্টল বসানো হয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তৌফিক হোসেন খাঁন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা ও ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেয়ার আহ্বান জানান তারা।
বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন— কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে। এছাড়া রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালি ও বিভিন্ন ফলদ ও বনজ ওষুধি চারার সমাহার।
উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তৌফিক হোসেন খাঁন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা।



