লক্ষ্মীপুরে বোমা সদৃশ ধাতব বস্তু উদ্ধার

খনন চলাকালে শ্রমিকরা মাটির প্রায় তিন-চার ফুট নিচ থেকে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি ও ধরন দেখে সন্দেহ হলে শ্রমিকরা সাথে সাথে স্থানটিতে খননকাজ বন্ধ করে দেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
বোমা সদৃশ ধাতব বস্তু
বোমা সদৃশ ধাতব বস্তু |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার সাপ্লাই পানির লাইন খননকাজের সময় বোমা সদৃশ তিনটি পুরোনো ও সন্দেহজনক ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো দেখতে রকেট বা পুরোনো শক্তিশালী বোমা হতে পারে বলে স্থানীয়দের ধারণা—যা নিয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকায় পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য মাটি খননের কাজ চলছিল। খনন চলাকালে শ্রমিকরা মাটির প্রায় তিন-চার ফুট নিচ থেকে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি ও ধরন দেখে সন্দেহ হলে শ্রমিকরা সাথে সাথে স্থানটিতে খননকাজ বন্ধ করে দেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা র্ঘটনাস্থলে ভিড় জমায়।

‎সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটিতে বিশেষ নজরদারি ও কর্ডন জারি করে। বস্তুগুলো কি সত্যি অবিস্ফোরিত রকেট লঞ্চার, বোমা নাকি অন্য কোনো পুরোনো ধাতব সামগ্রী তা নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘প্রাথমিকভাবে উদ্ধারকৃত বস্তুগুলোকে রকেট সদৃশ বলে মনে হচ্ছে। তবে এগুলো আসলেই বোমা নাকি অন্য কিছু, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বোম ডিসপোজাল টিমকে খবর দিয়েছি। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত নিশ্চিত করা যাবে। বর্তমানে ঘটনাস্থল পুলিশের সুরক্ষায় রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।’