ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় ফেনী নদীর তীরে সরকারি জব্দ করা বিপুল পরিমাণ বালু লুটের ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ দাস।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে সরকারি জব্দ করা বালুর সঠিক পরিমাণ নির্ধারণে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী মো: তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ১৭০টি বালুর স্তূপ পরিমাপ করে ৩৮ লাখ ৯৮ হাজার ৬৯৭ ঘনফুট বালু থাকার প্রতিবেদন দেন। পরে আদালতের নির্দেশে পুনরায় পরিমাপ করা হলে ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালুর গরমিল ধরা পড়ে। প্রতি ঘনফুট বালুর মূল্য ৩০ টাকা হিসেবে লুট হওয়া বালুর বাজারমূল্য ৬৭ লাখ ১৪ হাজার ৯০০ টাকা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২০ জুলাই বিকেল ৫টা ২০ মিনিটের মধ্যে বালু লুটের ঘটনা ঘটে।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, জয়চাঁদপুর সাহেবের হাটের পূর্ব পাশের নদীতীরে সংরক্ষিত ১৬৮, ১৬৯ ও ১৭০ নম্বর আলামতের বালুর পরিমাণ জব্দ তালিকার সাথে মিলেনি। এসব স্তূপে মোট ২ লাখ ৭৬ হাজার ১৮০ ঘনফুট বালু থাকার কথা থাকলেও পরিমাপে পাওয়া যায় ৫২ হাজার ৩৫০ ঘনফুট। ফলে বাকি বালুর গরমিল পাওয়া যায়।
এদিকে শুভপুর ঘাট এলাকা থেকে চুরি করা বালুবোঝাই তিনটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গত ২৬ জুলাই মধ্যরাতে বালু চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাগলনাইয়া জিরো পয়েন্ট থেকে দুইটি ট্রাক জব্দ করা হয় এবং দুই চালককে আটক করা হয়। পরে পৃথক মামলায় তিন ট্রাকচালককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন জয়পুর গ্রামের শাহাবুদ্দিন, ফজলুল করিম এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মমিনুল হক।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানভীর মেহেদী জানান, প্রাথমিক তদন্তে দুই লাখ ঘনফুটের বেশি বালু চুরির তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে প্রকৃত পরিমাণ এবং কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে। গ্রেফতার আসামিদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, গত দেড় মাস ধরে স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী তার অনুসারীদের নিয়ে সরকারি জব্দ করা বালু নিয়ে গেছেন। এছাড়া একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনায় জড়িত বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি বালু নেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুকে গুলি করার ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু গণমাধ্যমকে জানিয়েছেন, তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, বালু লুট বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।



