নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন।

নয়া দিগন্ত অনলাইন
মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী |ইন্টারনেট

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন।

তিনি বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা গাজীপুরের শ্রমঘন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান (বাবু) কারখানার জেনারেটরের জন্য ডিজেল প্রাপ্তিতে সরকারের সহায়তা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝুলানোর জন্য প্রশাসন ও মালিক সংগঠনগুলোকে নির্দেশনা দেন শ্রমমন্ত্রী। পাশাপাশি শিল্পঘন এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট দফতরের সাথে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫, ১, ৩ আসনের সংসদ সদস্যগণ এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ।