পর্যটন শহর রাঙ্গামাটিতে এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাণিজ্য ও পর্যটন দুই খাতেই সৃষ্টি হয়েছে নজিরবিহীন জোয়ার। সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ভেঙে জেলার বিপণি বিতান ও মার্কেটগুলোতে শত কোটি টাকার লেনদেনের পাশাপাশি রাঙ্গামাটির পর্যটন খাতেও হয়েছে ব্যাপক আয়। বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের সংকটের মধ্যেও রাঙ্গামাটির মতো এই পাহাড়ি জনপদে কেনাকাটা ও ভ্রমণ দুটোই ছিল চোখে পড়ার মতো।
ঈদের আগে কেনাকাটায় রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের মতে, অতীতের যেকোনো ঈদের তুলনায় এবারের কেনাকাটা ছিল কয়েকগুণ বেশি। দিন-রাত ২৪ ঘণ্টা মার্কেটগুলোতে ছিল মানুষের ঢল। শুধু শহর নয়, জেলার দুর্গম বিভিন্ন উপজেলা থেকেও মানুষ ঈদের কেনাকাটার জন্য ছুটে আসেন রাঙ্গামাটি শহরে ।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শিশুতোষ পোশাক ও রেডিমেড গার্মেন্টস, শাড়ি-পাঞ্জাবি, জুতা ও প্রসাধনী সামগ্রীর বিক্রি ছিল সর্বোচ্চ। পাশাপাশি সেমাই, চিনি, মাছ-মাংসসহ নিত্যপণ্যের বাজারেও ছিল ব্যাপক চাহিদা।
তবে এবারের ঈদের পর দিন থেকে বিশেষ দিক ছিল পর্যটন খাতের প্রাণচাঞ্চল্য। ঈদের দীর্ঘ ছুটিতে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলোতে নেমে আসে অগণিত দর্শনার্থীর ঢল। হোটেল, মোটেল, রিসোর্ট, হাউসবোট, ইঞ্জিন বোট রেস্তোরাসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা ছিল সরগরম এবং লাভজনক।
পর্যটকদের পদচারণায় মুখর ছিল বিনোদন কেন্দ্র আরণ্যক রিসোর্ট, পলওয়েল পার্ক, ডিসির শিশু পার্ক, বার্গী লেক রিসোর্ট, রাঙাদ্বীপ, কাপ্তাই নেভি ক্যাম্প ও সাজেক ভ্যালিসহ জেলার বিভিন্ন আকর্ষণীয় স্থান।পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা ঈদের ছুটিকে রাঙিয়ে তুলেছেন পাহাড়ি আবহে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে কর্মজীবী মানুষের ঘরে ফেরা এবং পর্যটকদের আগমন এই দুইয়ের সম্মিলনে রাঙ্গামাটির অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের মতে, এই বিপুল বাণিজ্য ও পর্যটন আয় পাহাড়ের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মুখে হাসি ফুটিয়েছে।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ‘বর্তমানে একটি নতুন সরকার এসেছে। সেই কারণে প্রত্যেকের মাঝে একটি আস্থা ফিরে এসেছে । আগে সবার মনে একটা ভয় ছিল কি হবে, না হবে। দেশের কি আবস্থা হবে। নির্বাচনের পর মানুষের মনে একটা স্বন্তি এসেছে। সে কারণে রাঙ্গামাটির ঈদের বাজারে ও পর্যটনে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঈদের বাজারে ব্যবসায়ীদের মুখে হাসি আর পর্যটকদের স্বতঃস্ফূর্ত আগমনেই প্রাণ ফিরে পেয়েছে পার্বত্য রাঙ্গামাটির অর্থনীতি।



