সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারী খুন

তখন মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে...

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারী খুন
সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারী খুন

সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক রেস্টুরেন্ট কর্মচারী খুন হয়েছেন। চা দিতে দেরি হওয়ায় বাকবিতণ্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রবেশ করেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক। তিনি জানান, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।